- Home
- West Bengal
- Kolkata
- Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি
Mamata Banerjee Case: ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা, হাইকোর্টে পিছিয়ে গেল শুনানি
Mamata Banerjee Case: ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ধাক্কা তৃণমূলের। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা পিছিয়ে গেল আদালতে। কী বলছে কলকাতা হাইকোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা পিছোলো কলকাতা হাইকোর্টে
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা ছয় সপ্তাহ পিছিয়ে গেল হাইকোর্টে। শুভেন্দু অধিকারীর আইনজীবী লিখিত বক্তব্য জানানোর জন্য চার সপ্তাহ সময় চাইলেন। নতুন করে সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ বিচারপতি গৌরাঙ্গ কান্তর। 'নতুন ইতিহাস তৈরি করতে এবং একটা নজির গড়তে দয়া করে সাহায্য করুন'- আদালতে মমতার আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আর্জি। 'সেই চেষ্টাই করছি'- বললেন বিচারপতি।

ভোটে হেরে গণনায় কারচুপির অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের কিছু ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে হেরে গণনায় কারচুপি, তৃণমূলের এজেন্টদের মারধর করে কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ১২ রাউন্ড গণনার পর মমতা এগিয়ে ছিলেন। এরপর সব বদলে যায়। গণনায় ব্যাপক কারচুপি করা হয়।
আদালতের কাছে সময় চাইল রাজ্য সরকার
কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানি হয় বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চে। এদিন শুনানির শুরুতেই শুভেন্দু অধিকারীর আইনজীবী লিখিত বক্তব্য জানানোর জন্য চার সপ্তাহ সময় চান আদালতের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা করেন।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি হাইকোর্টে ১৯৮১ সাল থেকে ওকালতি প্র্যাকটিস করছি। এত বছরে মাত্র একটি মামলা পাঁচ বছর শেষ হওয়ার তিন মাস আগে নিষ্পত্তি হয়েছে এই আদালতে। পাঁচ বছরেও ইলেকশন পিটিশন মামলা শেষ হয় না। এটা কলকাতা হাইকোর্টের খারাপ ইতিহাস। এবার এই মামলায় নতুন ইতিহাস তৈরি করতে এবং একটা নজির গড়তে দয়া করে সাহায্য করুন।'
কত সপ্তাহের জন্য পিছোলে মামলা?
আদালত সূত্রে খবর, তার উত্তরে বিচারপতি গৌরাঙ্গ কান্ত সকলকে আশ্বস্ত করে বলেন, 'সেই চেষ্টাই তো করছি।' এরপরই বিচারপতি সব পক্ষকে নতুন করে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এবং মামলাটি ছয় সপ্তাহের জন্য পিছিয়ে দেন।

