PM Modi's Latter: মুর্শিদাবাদের জঙ্গিপুরের তরুণী শিল্পী বৃষ্টি মণ্ডল। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন তিনি। তার জবাবেই এবার প্রধানমন্ত্রীর কাছ থেকে এল প্রশংসাপত্র। এই ঘটনায় উচ্ছ্বসিত বৃষ্টি ও তাঁর পরিবার। 

মুর্শিদাবাদের জঙ্গিপুরের এক তরুণী শিল্পী বৃষ্টি মণ্ডল। রবিবার তাঁর আর পরিবারের কাছে একটা বিশেষ দিন ছিল। কারণ, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি চিঠি পেয়েছেন তিনি। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী যখন জঙ্গিপুরে এসেছিলেন, তখন বৃষ্টি তাঁকে নিজের হাতে আঁকা একটি স্কেচ উপহার দেন। সেই উপহারের জবাবেই এই চিঠি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রধানমন্ত্রীর চিঠি এল বৃষ্টির কাছে

প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে উচ্ছ্বসিত বৃষ্টি। তিনি বলেন, "প্রথমেই মোদীজিকে আমার নমস্কার আর অনেক ভালোবাসা জানাই। মোদীজি যখন প্রথমবার জঙ্গিপুরে এসেছিলেন, আমি তাঁকে একটা পোট্রেট দিয়েছিলাম। সেই ছবিটা দেখার পর উনি একটা চিঠি পাঠিয়েছেন। চিঠিটা পেয়ে আমি আর আমার বাড়ির সবাই ভীষণ, ভীষণ খুশি।"

প্রধানমন্ত্রীর এই স্বীকৃতি তাঁর এবং তাঁর পরিবারের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে জানান বৃষ্টি। তিনি আরও বলেন, "মোদীজি এত ব্যস্ত থাকেন, তার মধ্যেও উনি আমার কথা ভেবে একটা চিঠি পাঠিয়েছেন। আমি খুব খুশি। মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ।"

কী লেখা প্রধানমন্ত্রীর চিঠিতে?

গত ২৪ এপ্রিল তারিখে বৃষ্টি মণ্ডলের নামে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁর আঁকা ছবির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন, "পশ্চিমবঙ্গে একটি জনসভায় আপনার কাছ থেকে সুন্দরভাবে আঁকা একটি পোট্রেট পেয়ে আমি অত্যন্ত উৎসাহিত। আপনার কাজে যে প্রচেষ্টা এবং নিষ্ঠা ফুটে উঠেছে, আমি তার আন্তরিক প্রশংসা করি।"

তিনি আরও লিখেছেন, "আপনার মতো মানুষের স্নেহ এবং উষ্ণতা আমার উপর গভীর এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। এটি একটি প্রগতিশীল নতুন ভারত এবং আমাদের তরুণদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আমার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলেছে।"

বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে মোদী বলেন, "পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য হল মেধা এবং সৃজনশীলতার এক সমৃদ্ধ মিশ্রণ, যেখানে সাহিত্য, সঙ্গীত, থিয়েটার এবং চিত্রকলা আধুনিক ভারতীয় চিন্তাধারাকে রূপ দিয়েছে।"

তরুণী এই শিল্পীর প্রতিভার প্রশংসা করে প্রধানমন্ত্রী লেখেন, "আপনার আত্মবিশ্বাসী তুলির টান এবং খুঁটিনাটি বিষয়ের প্রতি মনোযোগ এক অসাধারণ শৈল্পিক প্রতিভার ইঙ্গিত দেয়। আমাদের তরুণদের মধ্যে এই ধরনের সৃজনশীলতা দেখে আমি গর্বিত এবং আশাবাদী।"

চিঠির শেষে প্রধানমন্ত্রী তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। চিঠিতে লেখা ছিল, "আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। আপনার, নরেন্দ্র মোদী।"