Bankura News: আবগারি দফতরের কর্মী হিসেবে নিজেদের পরিচয় দিয়ে এক চায়ের দোকানে হানা দিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত হেয়াৎনগর অঞ্চলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

DID YOU
KNOW
?
অভিনব উপায়ে প্রতারণা
রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিনব উপায়ে প্রতারণার অভিযোগ উঠছে। বাঁকুড়ার ইন্দাসে তেমনই এক ঘটনা দেখা গেল।

West Bengal Police: বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত হেয়াৎনগর অঞ্চলে আবগারি দফতরের কর্মী পরিচয় দিয়ে এক চায়ের দোকানে হানা দিয়ে নগদ টাকা লুট এবং দোকানের মালিককে অপহরণ করে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই সন্ধ্যায় হেয়াৎনগরের কেনেলপাড়া অঞ্চলের একটি চায়ের দোকানে একটি বিলাসবহুল গাড়িতে করে ছয়জন ব্যক্তি আসে। তারা নিজেদের আবগারি দফতরের কর্মী বলে পরিচয় দিয়ে দোকানে তল্লাশি চালানোর নামে ক্যাশ বাক্স থেকে প্রায় দুই হাজার টাকা নিয়ে নেয়। এরপর দোকানের মালিক মুজিবর মল্লিককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপর দুষ্কৃতীরা পাত্রসায়ের ব্লকের বামিরা অঞ্চলের একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরিয়ে সেই বাবদ ছয় হাজার টাকা মুজিবর মল্লিকের ফোন পে অ্যাকাউন্ট থেকে পরিশোধ করায়। পরে তাঁকে ডাডনা দিঘির পাড়ে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।

তদন্ত শুরু পুলিশের

এই ঘটনার পর মুজিবর ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত আরও চারজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।ভুক্তভোগী ব্যবসায়ী মুজিবর জানিয়েছেন, আবগারি দফতরের নাম ভাঙিয়ে তাঁকে অপহরণ করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যাতে আর কোনও সাধারণ মানুষ এই ধরনের প্রতারণা ও নির্যাতনের শিকার না হন, সেই দিকেই প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত।

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশের

এই ঘটনাকে কেন্দ্র করে হেয়াৎনগরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।