Mamata Banerjee: ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধর্নার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা বিলি করা হবে।
ভোট বড় বালাই! যে প্রকল্প ভোটের পরে শুরু হওয়ার কথা ছিল তার টাকা বিলি আজ থেকেই শুরু হয়ে গেল। এবার বিধানসভায় বাজেট অনুষ্ঠানে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী নামের নতুন প্রকল্পের সূচনা করেছিলেন। সেই সময় বলা হয়েছিল যে ১৫ অগস্ট মমতা বন্দ্যোপাধ্য়ায় চতুর্থবার রাজ্যে ক্ষমতায় ফেরার পরই এই প্রকল্প চালু করা হবে। কিন্তু পরবর্তীকালে সময় পরিবর্তন হয়। অবশেষে মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছেন আজ, শনিবার ৭ মার্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা সরাসরি সুবিধেভোগীদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে জমা দেওয়ার কাজ শুরু হবে। যদিও আগে বলা হয়েছিল এই টাকা বিলির প্রক্রিয়া ১ এপ্রিল থেকেই শুরু হবে।
যুবসাথী প্রকল্প
রাজ্যের নতুন প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পে ভাতার পরিমাণ মাস প্রতি ১৫০০ টাকা। মূলত ২১-৪০ বছর বয়সী তরুণ-তরুণী, বিশেষ করে কর্মপ্রার্থীরা এই প্রকল্পের সুবিধে নিতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে বেকারদের চাকরি খোঁজার সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধে নিতে পারবেন রাজ্যের তরুণ তরুণীরা।
আবেদনকারী
নবান্ন সূত্রের খবর এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত প্রায় ১ কোটি বেকার যুবক-যুবতী আবেদন করেছেন। সরাসরি ব্যাঙ্ক অ্য়াকাউন্টে সুবিধেভোগীদের টাকা দেওয়া হবে। কোনও মধ্যস্থতাকারী থাকবে না।
মমতার ধর্নার দ্বিতীয় দিন
ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ধর্নার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনেই মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়ে দিয়েছেন, আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা বিলি করা হবে। তিনি জানিয়েছেনস ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুবসাথী প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছে। আজ থেকে টাকা বিলি করা হবে।
গ্যাসের দাম বৃদ্ধির নিন্দা
শনিবার থেকে কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'গ্যাসের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন আপনাকে ২১ দিন আগে গ্যাস বুক করতে হবে। তাহলে আপনার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে ২১ দিন আপনি কী করবেন? আপনি কী খাবেন। আপনি কী মানুষের জন্য় খাবারের হোমডেলিভারি দেবেন? এমনকি কেরোসিনের কোটাও কমানো হয়েছে। এই কারণে আপনি ভোট মুছে ফেলতে চান। বাংলা ভাঙতে না।' এরপরই মমতা বলেন, অন্যেরা কেন্দ্রীয় সরকারকে ভয় পায়। কিন্তু বাংলার মানুষ আর তাঁর দল নরেন্দ্র মোদীদের মুখোশ খুলে দেবে।


