Pet Tips: আপনার পোষা কুকুর বা বেড়ালটাকে ঘুমের মধ্যে পা ছুড়তে, লেজ নাড়াতে বা চাপা স্বরে ডাকতে দেখেছেন? বিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ, ওরাও মানুষের মতোই স্বপ্ন দেখে। মানুষের মতো কুকুর-বেড়ালেরও REM বা ‘Rapid Eye Movement’ ঘুমের ধাপ আছে, আর স্বপ্ন মূলত এই সময়েই আসে।
Pet Tips: বাড়ির টমি বা মিনি ঘুমের মধ্যে হঠাৎ পা ছুড়ছে, গোঁ গোঁ শব্দ করছে, আবার কখনো লেজ নাড়ছে। দেখে মনে হয় যেন দৌড়াচ্ছে বা কাউকে তাড়া করছে। তখনই আমাদের মনে প্রশ্ন জাগে, ওরাও কি আমাদের মতো স্বপ্ন দেখে? উত্তরটা হল, হ্যাঁ। MIT-র নিউরোসায়েন্টিস্ট ড. ম্যাথিউ উইলসন সহ বহু প্রাণী বিজ্ঞানী প্রমাণ করেছেন যে স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে কুকুর আর বেড়াল, মানুষের মতোই স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নের ধরনও আমাদের সাথে মেলে।

মানুষের ঘুমের যেমন কয়েকটা ধাপ আছে, কুকুর-বেড়ালেরও তাই। প্রথমে হালকা ঘুম, তারপর গভীর ঘুম বা ‘স্লো-ওয়েভ স্লিপ’, আর শেষে আসে REM ঘুম। এই REM ঘুমের সময়ই আমাদের চোখের মণি পাতার তলায় দ্রুত নড়াচড়া করে, মস্তিষ্ক জেগে থাকার মতো সক্রিয় হয়ে ওঠে, আর আমরা স্বপ্ন দেখি। কুকুরের ক্ষেত্রে ঘুমিয়ে পড়ার প্রায় ২০ মিনিট পর REM ধাপ শুরু হয় আর ২-৩ মিনিট থাকে। বেড়ালের REM ঘুম আরও বেশি, মোট ঘুমের ৩০% পর্যন্ত। এই সময় ওদের মস্তিষ্কের EEG গ্রাফ মানুষের স্বপ্ন দেখার গ্রাফের সাথে হুবহু মিলে যায়। মজার ব্যাপার হল, এই সময় মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল গিয়ে শরীরের মাংসপেশিকে প্যারালাইজড করে দেয়। একে বলে ‘REM অ্যাটোনিয়া’। এর জন্যই স্বপ্নে দৌড়ালেও বাস্তবে ওরা জায়গা ছেড়ে ওঠে না। তবে মাঝে মাঝে এই প্যারালাইসিস পুরো কাজ করে না, তখনই ওরা পা ছোড়ে, মুখ নাড়ে বা ঘেউ করে ওঠে।
তাহলে ওরা স্বপ্নে কী দেখে? গবেষকরা কুকুরের মস্তিষ্কের ‘হিপ্পোক্যাম্পাস’ অংশ স্টাডি করে দেখেছেন, যেটা স্মৃতি তৈরির জায়গা। দেখা গেছে ঘুমের মধ্যে ওদের মস্তিষ্কের প্যাটার্ন জেগে থাকা অবস্থায় দৌড়ানো বা খেলার সময়ের প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ ওরা সারাদিন যা করে, স্বপ্নেও সেটাই রিপ্লে করে। আপনার পোষা কুকুরটা যদি দিনের বেলায় আপনার সাথে বল নিয়ে খেলে, স্বপ্নে সে সেটাই দেখবে। যদি পাড়ার অন্য কুকুরের সাথে ঝগড়া করে, স্বপ্নেও তাকে তাড়া করবে। বেড়ালের স্বপ্ন আরও বেশি শিকার কেন্দ্রিক। পর্দা বেয়ে ওঠা, টিকটিকি ধরা, জানালা দিয়ে পাখি দেখা - এইসব দৃশ্যই ওদের স্বপ্নে ঘোরে। বড় কুকুরের চেয়ে বাচ্চা কুকুর আর বেড়ালরা বেশি স্বপ্ন দেখে, কারণ ওদের নতুন জিনিস শেখার আছে অনেক বেশি।
এবার আসি শোয়ার ভঙ্গির কথায়। খেয়াল করে দেখবেন, কুকুর-বেড়াল কখনো গোল হয়ে, কখনো চিৎ হয়ে পা ছড়িয়ে, আবার কখনো সাইড ফিরে শোয়। এর পিছনেও ঘুমের বিজ্ঞান আছে। যখন ওরা গভীর ‘ন-REM’ ঘুমে থাকে, তখন মাংসপেশি পুরো শিথিল থাকে আর শরীরের তাপমাত্রা বাঁচানো দরকার হয়। তখন ওরা গোল হয়ে লেজ দিয়ে নাক ঢেকে শোয়। এটা হল ডিফেন্সিভ পজিশন। আর যখন পরিবেশকে পুরো নিরাপদ মনে করে, তখন চিৎ হয়ে পেট দেখিয়ে শোয়। পেট হল ওদের সবচেয়ে নরম জায়গা, তাই এভাবে শোয়া মানে ওরা আপনাকে ১০০% বিশ্বাস করে। REM ঘুমের সময় যেহেতু শরীর প্যারালাইজড থাকে, তখন ওরা যেভাবে পড়েছে সেভাবেই থাকে, হঠাৎ হঠাৎ শুধু পা বা গোঁফ কেঁপে ওঠে। বয়স হলে বা ঠান্ডা লাগলে ওরা আরও বেশি গুটিশুটি মেরে শোয়।
অনেকেই ভয় পান, ঘুমের মধ্যে পা ছুড়লে বা কাঁপলে ডাকবেন কিনা। বিশেষজ্ঞরা বলছেন, দরকার নেই। এটা স্বাভাবিক স্বপ্নের অংশ। হঠাৎ ঘুম ভাঙিয়ে দিলে ওরা ভয় পেয়ে কামড়েও দিতে পারে, কারণ স্বপ্ন আর বাস্তবের তফাত করতে সময় লাগে। তবে যদি দেখেন প্রতি রাতে খুব বেশি ছটফট করছে, ঘুমের মধ্যে চিৎকার করছে, বা ঘুম থেকে উঠে খোঁড়াচ্ছে, তাহলে সেটা সিজার বা ব্যথার লক্ষণও হতে পারে। তখন পশুচিকিৎসক দেখানো উচিত।
আপনার আদরের টমি বা মিনিও রাতে আপনার মতোই সিনেমা দেখে। তফাত শুধু এইটুকু, আপনার সিনেমায় অফিস-বস থাকে, আর ওর সিনেমায় আপনি, বল আর একটা বড় হাড় থাকে। তাই পরের বার ওকে স্বপ্নে দৌড়াতে দেখলে বিরক্ত না হয়ে মনে মনে ভাবুন, বেচারা নিশ্চয়ই পার্কে আপনার সাথে খেলছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


