India A vs New Zealand A: ক্রিকেট মাঠে সাইট স্ক্রিন নিয়ে সমস্যা নতুন কিছু নয়। অনেক সময়ই দেখা যায় ম্যাচ চলাকালীন সাইট স্ক্রিনের সামনে চলে আসেন দর্শকরা। এর ফলে ব্যাটারদের সমস্যা হয়। কিন্তু ভারতীয় এ দল বনাম নিউজিল্যান্ড এ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ চলাকালীন যে ঘটনা দেখা গেল, তা অতীতে কখনও দেখা যায়নি।
KNOW
India A vs New Zealand A Second Unofficial Test Match: ক্রিকেট মাঠে অনেকরকম মজার ঘটনা দেখা যায়। তবে ভারত ‘এ’ বনাম নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্ট ম্যাচ চলাকালীন যা ঘটল, তা দেখে হাসিতে ফেটে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। ব্যাটার যখন বলের অপেক্ষায়, বোলার ছুটে আসছেন বল করতে, ঠিক তখনই সাইট স্ক্রিনের সামনে মবিলিটি স্কুটার নিয়ে চলে গেলেন এক বয়স্ক ব্যক্তি। তিনি সাইট স্ক্রিন পেরিয়ে গিয়ে মাঠের এক পাশে মবিলিটি স্কুটার থামিয়ে নেমে পড়েন। তাঁর এই কাণ্ডে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খেলা। শনিবার ক্রাইস্টচার্চের (Christchurch) হ্যাগলি ওভালে (Hagley Oval) এই ঘটনা ঘটেছে।
বড়দিনের আগেই সান্তা ক্লজ!
ভারতের ইনিংসের ৮৩-তম ওভারে এই মজার কাণ্ড ঘটে। আকাশ দীপ তখন স্ট্রাইক নেওয়ার জন্য তৈরি। অন্যদিকে বল করার জন্য দৌড় শুরু করেছেন ব্রেট র্যান্ডেল। ঠিক সেই সময় মাঠের পিছনের খোলা রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে চলে আসেন এক বৃদ্ধ। সরাসরি সাইট স্ক্রিনের সামনে দিয়ে যাওয়ায় ব্যাটারের দৃষ্টিতে বাধা তৈরি হয়। সঙ্গে সঙ্গে হাত তুলে দেন আকাশ দীপ। মাঝপথেই বল করা থামাতে বাধ্য হন র্যান্ডেল। এরপর বৃদ্ধ স্কুটার নিয়ে মাঠের এক পাশে সরে গেলে এবং ব্যাটারের দৃষ্টিসীমা পরিষ্কার হলে ফের শুরু হয় খেলা। মাঠে উপস্থিত আম্পায়ার, ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, সকলেই এই অদ্ভুত ঘটনায় হেসে ওঠেন। হ্যাগলি ওভালের চারপাশে রয়েছে খোলা পার্কল্যান্ড এবং ঘাসে ঢাকা উঁচু জমি। মাঠের পিছনে সাধারণ স্টেডিয়ামের মতো উঁচু পাঁচিল বা সম্পূর্ণ ঘেরা সীমানা না থাকায় দর্শকরা আশপাশের রাস্তা দিয়ে অবাধে যাতায়াত করতে পারেন। সেই কারণেই এমন অপ্রত্যাশিত দৃশ্যের সাক্ষী থাকতে হল ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ওই বৃদ্ধের স্কুটার চালিয়ে যাওয়ার ভিডিও। নেটিজেনদের কেউ তাঁকে আগেভাগে বড়দিনের উপহার নিয়ে হাজির হওয়া ‘সান্তা ক্লজ’-এর সঙ্গে তুলনা করেছেন। কেউ আবার মার্ভেলের জনপ্রিয় চরিত্র ‘আলট্রন’-এর কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকেই আবার বৃদ্ধের নির্বিকার ভঙ্গির প্রশংসা করেছেন। একজন তাঁকে বলেছেন, ‘প্রপার ভাইব’। অন্য এক ক্রিকেটপ্রেমীর মতে, এমন অনাকাঙ্ক্ষিত মজার মুহূর্তই ক্রিকেটকে আরও উপভোগ্য করে তোলে। সবমিলিয়ে, ভারত-নিউজিল্যান্ড ‘এ’ দলের ম্যাচের প্রথম দিনের আলোচনায় ক্রিকেটের পাশাপাশি জায়গা করে নিলেন স্কুটার চালানো সেই অজ্ঞাতপরিচয় বৃদ্ধ!
দ্বিতীয় দিনের শেষে ১২৮ রানে এগিয়ে ভারত
দ্বিতীয় বেসরকারি টেস্টের প্রথম দিনে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড ‘এ’। প্রথম ইনিংসে ১০২.৪ ওভারে ৩৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। দলের হয়ে দুরন্ত শতরান করেন ধ্রুব জুরেল। ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। এ ছাড়া দেবদত্ত পাড়িক্কল (৮০) এবং আকাশ দীপ (৬১) অর্ধশতরান করে ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন। একসময় ৫৩.১ ওভারে ১৬০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সফল ফ্রেজার শিট। ২৪ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ব্রেট র্যান্ডেল দু'টি এবং জ্যারড ম্যাকে দু'টি উইকেট পান। একটি করে উইকেট নেন জেডেন লেনক্স ও ক্রিশ্চিয়ান ক্লার্ক। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড এ দলের স্কোর ২১৮/৩। ভারতীয় এ দল ১২৮ রানে এগিয়ে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






