Spain vs Argentina: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026 Final) ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে স্পেন। এবারের বিশ্বকাপ ফুটবলে ফিফার বিরুদ্ধে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফাইনালের আগেও সেই বিতর্ক পিছু ছাড়ছে না।

DID YOU
KNOW
?
স্পেন-আর্জেন্টিনা লড়াই
প্রথমবার বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে।

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফুটবল ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে রেফারিকে সতর্ক করে দিলেন স্পেনের (Spain vs Argentina) প্রধান কোচ। রেফারি স্লাভকো ভিনচিচের (Slavko Vinčić) উদ্দেশ্যে স্পেনের প্রধান কোচ লুই ডে লা ফুয়েন্তে (Luis de la Fuente) বলেছেন, ‘ফাইনালে এক গুরুত্বপূর্ণ বিষয় আছে। রেফারির পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেফারি স্লাভকো ভিনচিচ যেন কাউকে প্রশ্রয় না দেন। তিনি যেন কাউকে সীমা লঙ্ঘন করতে না দেন। কেউ যেন আইন লঙ্ঘন করতে না পারে বা ফুটবলের নিয়ম অতিক্রম করে যেতে না পারে।’

রেফারির উপর ভরসা রাখছেন স্প্যানিশ কোচ

বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে রেফারিকে সতর্ক করে দিলেও, তাঁর উপর ভরসা রাখছেন স্পেনের প্রধান কোচ। তিনি বলেছেন, ‘রেফারির উপর আমার পূর্ণ আস্থা আছে। একইসঙ্গে আমাদের কী ধরনের ম্যাচ খেলতে হবে, সেটাও আমি জানি। নিজেদের উপর আমার ভরসা আছে।’

আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ

চলতি বিশ্বকাপ ফুটবলে ফিফা ও রেফারিদের বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ফাইনালের আগে স্পেনের প্রধান কোচ ফের সেই বিতর্ক উস্কে দিয়েছেন। তিনি চাইছেন রেফারি কড়া হাতে ম্যাচ পরিচালনা করুন এবং ন্যায্য সিদ্ধান্ত নিন। এবারের বিশ্বকাপে ফাইনালের আগে পর্যন্ত স্পেন যেভাবে খেলে এসেছে, ফাইনালেও সেই খেলা বজায় রাখতে পারলে জয় পাবে বলে আত্মবিশ্বাসী লা ফুয়েন্তে। তিনি বলেছেন, 'আর্জেন্টিনা ওদের পরিকল্পনা ও দক্ষতা অনুযায়ী খেলবে। আমাদের শুধু নিজেদের খেলা নিয়েই ভাবতে হবে। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের নিজেদের খেলার ধরন থেকে সরে গেলে চলবে না। আমাদের কোনও প্ররোচনায় পা দিলে চলবে না। নিজেদের মতো করে খেলে যেতে হবে। নিজেদের খেলার ধরন বজায় রাখতে পারলে আমরা জয় পাব বলে আশা করছি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।