মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে সৌদি আরবে উড়ে এসেছে ইরানের ক্ষেপনাস্ত্র। ইরানের ক্ষেপনাস্ত্রের হামলায় সৌদির রাজধানী রিয়াধের মার্কিন দূতাবাস, কয়েকটি বহুতলে বড় ক্ষতির সম্মুখিন হয়েছে বলে খবর।
Ronaldo Private Jet: মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে সৌদি আরবে উড়ে এসেছে ইরানের ক্ষেপনাস্ত্র। ইরানের ক্ষেপনাস্ত্রের হামলায় সৌদির রাজধানী রিয়াধের মার্কিন দূতাবাস, কয়েকটি বহুতলে বড় ক্ষতির সম্মুখিন হয়েছে বলে খবর। ঘনঘন বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। এরই মাঝে গোপনে সৌদি আরব থেকে ব্যক্তিগত বিমানে চড়ে দেশের উদ্দেশ্য চলে গেলেন মহাতারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। ২০২৩ সাল থেকে সৌদির ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন রোনাল্ডো। সংবাদমাধ্যমে খবর, গতকাল রাতে রিয়াধ থেকে ব্যক্তিগত জেটে গোটা পরিবার নিয়ে সরাসরি স্পেনের মাদ্রিদে উড়ে গিয়েছেন সিআরসেভেন। মাদ্রিদ থেকে নিজের দেশ পর্তুগালে যাবেন রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল নাসেরের পরবর্তী ম্যাচ শনিবার,নিওম এসসির বিরুদ্ধে। যদিও সৌদির বিবিন্ন জায়গায় ঘনঘন বিস্ফোরণ হচ্ছে। এমন অবস্থায় নিরাপত্তার কারণে খেলা সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
রোনাল্ডোর সঙ্গে কে ছিলেন
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টা-৯টার মধ্যে রোনাল্ডোর ব্যক্তিগত বিমানটি রিয়াধ ছাড়ে এবং প্রায় ৭ ঘণ্টা উড়ানের পর রাত ১টার কিছু আগে মাদ্রিদে অবতরণ করে। রোনাল্ডো নিজে, তাঁর গার্লফ্রেন্ড জর্জিনিয়া রডরিগেজ বা তাঁদের সন্তানরা ওই বিমানে ছিলেন কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। খবরে প্রকাশ, রোনাল্ডোর বিলাসবহুল ব্যক্তিগত জেট, একটি বম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস, সোমবার গভীর রাতে রিয়াধ থেকে উড়ে যায়। বিমানের আনুমানিক মূল্য প্রায় ৬১ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার)।
কোন পথে যায় রোনাল্ডোর বিমান
সিআরসেভেনের বিমানটি ইজিপ্টের আকাশপথ ব্যবহার করে ভূমধ্যসাগর পেরিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছয়।মার্কিন-ইজরায়েলি হামলার জেরে ইরান ও মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার নেওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে রোনাল্ডো দেশ ছাড়েন বলে জল্পনা। তবে তাঁর ক্লাব আল নাসের এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি। স্থানীয় কয়েকজন সাংবাদিক রোনাল্ডোর সৌদি ছাড়ার খবর উড়িয়ে দিয়েছেন। রোনাল্ডো নিজেও এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
রিয়াধে মার্কিন দূতাবাসে আছড়ে পড়ে ইরানের ঘাতক ড্রোন
মঙ্গলবার ভোরে রিয়াধে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটে বলে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। এতে সামান্য আগুন ও কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর মেলেনি। দূতাবাসে হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি হয়, কিছু পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলির কয়েকটি ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর। বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকির কারণে বহু বিদেশি নাগরিক ও প্রবাসী মধ্যপ্রাচ্য ছাড়ার চেষ্টা করছেন। বিমানবন্দরগুলিতেও বিঘ্নের খবর মিলছে।


