FIFA World Cup 2026 Final: ভারতীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Spain Vs Argentina)। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। শুধু ফুটবলই নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষই এই ম্যাচ দেখার জন্য তৈরি হচ্ছেন।
KNOW
Spain Vs Argentina: ২০১০ সালের পর ফের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চ্যাম্পিয়ন হবে স্পেন। আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে এই আশা প্রকাশ করলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল (Rafael Nadal)। ২২ বার গ্র্যান্ড স্ল্যাম (Grand Slam) জেতা এই টেনিস তারকা ১৬ বছর আগে স্পেনের বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে জাতীয় দলের সদস্যদের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন। স্পেন এখনও পর্যন্ত একবারই পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। এবার লুই ডে লা ফুয়েন্তের (Luis de la Fuente) দল দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী নাদাল।
বরাবরই ফুটবলপ্রেমী নাদাল
বিশ্বকাপ ফুটবল ফাইনালের আগে 'এক্স' হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে স্পেন দলকে শুভেচ্ছা জানিয়ে নাদাল লিখেছেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল আমার অন্যতম আবেগের জায়গা। আমি সবসময় খেলা উপভোগ করেছি। খেলা দেখেছি এবং আমাদের জাতীয় দলের জন্য গলা ফাটিয়েছি। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় (South Africa) বিশ্বকাপ ফাইনাল দেখার উত্তেজনার কথা আমার এখনও মনে আছে। আমরা কোনওদিন সে কথা ভুলব না। আগামিকাল আমাদের কাছে আরও একবার সেরকম ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে। আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। আমরা এমন এক দেশের জাতীয় দলের বিরুদ্ধে খেলব, যাদের আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং সমাদর করি। স্পেনের জন্য শুভেচ্ছা।’
বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন আলকারাজ
শুধু নাদালই নন, স্পেনের অন্য ক্রীড়াবিদরাও বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের হয়ে গলা ফাটাতে তৈরি। বর্তমানে পুরুষদের টেনিসে বিশ্ব র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) স্পেন-আর্জেন্টিনা ম্যাচ দেখতে নিউ ইয়র্কে (New York) যাচ্ছেন। কবজির চোটের জন্য এখন মাঠের বাইরে থাকতে হচ্ছে এই টেনিস তারকাকে। তবে এরই মধ্যে তিনি জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য চিৎকার করবেন। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে নিউ ইয়র্কে চাঁদের হাট বসছে। বিভিন্ন ক্ষেত্রের তারকারা ম্যাচ দেখতে যাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


