FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে থাকতেই অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছিল স্পেনকে (Spain vs Belgium)। বেলজিয়ামও অত্যন্ত শক্তিশালী দল হিসেবে চিহ্নিত হয়েছিল। কোয়ার্টার-ফাইনালে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। দু'দলের ফুটবলাররাই ভালো পারফরম্যান্স দেখালেন। তবে আলাদা করে নজর কেড়ে নিলেন ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)।
KNOW
FIFA World Cup 2026 Quarter Final: বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামকে ২-১ হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল স্পেন (Spain vs Belgium)। ঠিক যেন সবুজ ঘাসের ক্যানভাসে ছবি আঁকা। বেলজিয়ামের বিরুদ্ধে স্পেনের খেলা দেখে তেমনই মনে হচ্ছিল। স্পেনের বিখ্যাত তিকিতাকা ফিরে এসেছে। মাঠে ১১ জন শিল্পী নিখুঁত দক্ষতায় ছবি আঁকছেন। প্রধান শিল্পী অবশ্যই ল্যামিন ইয়ামাল (Lamine Yamal)। সোমবার ১৯ বছর পূর্ণ করবেন এই তরুণ। এই বয়সেই তিনি বিপক্ষ শিবিরে আতঙ্ক ছড়াচ্ছেন। রাইট উইং দিয়ে তাঁর দৌড়ের দিশা খুঁজে পাচ্ছিল না বেলজিয়ামের রক্ষণ। ইয়ামালকে কীভাবে আটকাবেন, সেটা বুঝতে পারছিলেন না বেলজিয়ান ডিফেন্ডাররা। অভিজ্ঞ গোলকিপার থিবাউট কুর্তোয়া (Thibaut Courtois) একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে না দিলে প্রথমার্ধেই ম্যাচ জয়ের পথে এগিয়ে যেতে পারত স্পেন। দ্বিতীয়ার্ধে চোট পেয়ে কুর্তোয়া মাঠ ছাড়ার পরেই জয়সূচক গোল পেল স্পেন।

দাপট দেখিয়ে জয় স্পেনের
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার-ফাইনালের এই ম্যাচে ৩০ মিনিটের মাথায় অসাধারণ মুভমেন্ট থেকে ম্যাচের প্রথম গোল করে স্পেনকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ (Fabián Ruiz)। সেই সময় এবং তার আগে ও পরে স্পেনেরই দাপট দেখা যাচ্ছিল। একতরফা আক্রমণ করে চলেছিলেন স্প্যানিশরা। কিন্তু তাঁরা ব্যবধান বাড়াতে পারছিলেন না। এরই মধ্যে খেলার গতির বিপরীতে ৪১ মিনিটে সমতা ফেরায় বেলজিয়াম। প্রতি-আক্রমণ থেকে গোল করেন চার্লস ডে কেটেলেয়ারে (Charles De Ketelaere)। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোল করেন মিকেল মেরিনো। বেলজিয়ামের গোলকিপার কুর্তোয়া ৭১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ায় তাঁর পরিবর্ত হিসেবে খেলতে নামেন সেনে ল্যামেনস (Senne Lammens)। দ্বিতীয় গোলের ক্ষেত্রে তিনি দায় এড়াতে পারেন না। তাঁর হাত থেকে বেরিয়ে আসা বল গোলে ঠেলে দেন মেরিনো। এই গোলেই জয় পেল স্পেন।
ফ্রান্স-স্পেন লড়াই
বেলজিয়ামকে হারানোর পর বিশ্বকাপ ফুটবলের সেমি-ফাইনালে ফ্রান্সের (France) মুখোমুখি হতে চলেছে স্পেন। এই ম্যাচে অসাধারণ লড়াই দেখার আশায় সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


