Suvendu Adhikari: জঙ্গি সংগঠন আল কায়দার নাম করে ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি। গার্ডেনরিচ থেকে গ্রেফতার ১।
মুখ্যমন্ত্রীর পদে বসতে না বসতেই খুনের হুমকি শুভেন্দু অধিকারীকে। জঙ্গি সংগঠন আল কায়দার নাম করে ভবানীপুর থানায় শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে গার্ডেনরিচ থেকে একজনকে গ্রেফতার করল এসটিএফ। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের বয়ান
শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফ-এর যুগ্ম কমিশনার জানিয়েছেন, বুধবপার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় একটি ইমেল আসে। তাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দেওয়া হয়। এক মহিলার নাম করে ইমেল আসে। সেই চিঠিতে বলা হয় মহিলার সঙ্গে আল কায়দার ঘনিষ্ট যোগ রয়েছে। সেই সূত্র ধরেই শুভেন্দু অধিকারীর ওপর আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে।
এরপরই তদন্তে নামে পুলিশ। সাহায্য নেওয়া হয় সাইবার ক্রাইম শাখার। তদন্তে নেমে মোটের ওপর চিরুনি তল্লাশি চালায় পুলিশ। গার্ডেনরিচ থেকে পাকড়াও করা হয় একজনকে। ধৃতে জেরাও করা হয়।
মহিলার কারণে শুভেন্দুকে হুমকি
পুলিশ আরও জানিয়েছে ধৃতের নাম আলি হাসান। এক মহিলার সঙ্গে তাঁর শত্রুতা রয়েছে। মূলত মহিলাকে ফাঁসাতেই সেই মহিলার নাম করে আর ইমেল আইডি ব্যবহার করে হুমকি দিয়েছিল। জেরায় নাকি তেমনটাই শিকার করেছে আলি হাসান। পুলিশ আরও জানিয়েছে, মহিলার ওপর বদলা নিতেই মহিলার নাম করে শুভেন্দুকে খুনের হুমকি দিয়ে আর কায়দার নাম করে ইমেল করেছে। অভিযুক্তকে আরও জেরা করা হবে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এখনই ইতি টানা হবে না বলেও জানিয়েছে পুলিশ। তবে বর্তমানে শুভেন্দু অধিকারীর নিরাপত্তাতেও যে পুলিশ জোর দিয়েছে তাও জানা গিয়েছে পুলিশ সূত্রে।


