BJP West Bengal President Samik Bhattacharya: বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে নির্বাচন নিয়ে বড় দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি শাসক দলের প্রচার ভোঁতা করে দেওয়ার চেষ্টা করলেন।

DID YOU
KNOW
?
এসআইআর নিয়ে চর্চা
রাজ্যে এবারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

2026 West Bengal Legislative Assembly election: এসআইআর-এ (SIR) রাজ্যের অনেক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া নিয়ে ভাবছে না বিজেপি (BJP)। এসআইআর হওয়ার আগে রাজ্যে যে ভোটার তালিকা ছিল, এখন সেই ভোটার তালিকা অনুযায়ী ভোটগ্রহণ করা হলেও বিজেপি জিতবে। বুধবার হুগলি জেলার হরিপালে এক রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে এমনই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর দাবি, 'বিজেপি কমিশনের ভরসায় নি‌র্বাচন লড়তে নামেনি। ইডি-সিবিআই-এর দরজায় তালা লাগিয়ে দিন। নির্বাচন কমিশনকে (Election Commission of India) বলুন, এই মুহূর্তে পুরনো লিস্টে ভোট করাতে। ওই ৯০ লক্ষ মানুষের নাম যোগ করতে। তার পরেও বিজেপি জিতবে। পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালেও রাজ্যে বিজেপি জিতবে। তৃণমূল চলে গিয়েছে।'

ইডি-সিবিআই-এর কাজে অসন্তুষ্ট শমীক!

তৃণমূল কংগ্রেসের (AITC) পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়, রাজ্যে রাজনৈতিক কারণে সিবিআই (CBI), ইডি-র (ED) মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হয়। সেই অভিযোগ অস্বীকার করেছেন শমীক। তবে তিনি নিজেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, 'এ নিয়ে (অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) ইডি তলব) পশ্চিমবঙ্গবাসীর কোনও উৎসাহ আছে? কারও কোনও জিজ্ঞাস্য আছে? নির্বাচন চলছে। ইডি-সিবিআই তাদের কাজ করছে। মানুষ তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি চান। তৃণমূল চলে গিয়েছে। ইডি, সিবিআই-এর কোনও কাজে মানুষ সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নই।'

বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ

বৃহস্পতিবার রাজ্যের ১৫২ আসনে ভোটগ্রহণ করা হতে চলেছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশ কিছু আসনে ভোটগ্রহণ হতে চলেছে। উত্তরবঙ্গে বিজেপি-র ফল ভালো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশপাশি জঙ্গলমহল এবং রাজ্যের পশ্চিমাঞ্চলেও বিজেপি-র ফল ভালো হতে পারে। এই কারণে প্রথম দফার ভোটগ্রহণের আগে রাজ্য বিজেপি সভাপতির গলায় আত্মবিশ্বাসের সুর শোনা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।