West Bengal News: রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা ধরনের অপরাধের কথা শোনা যায়। প্রতারণা, আর্থিক নয়ছয়. অর্থপাচারের অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যে অভিযোগ উঠেছে, সম্প্রতি রাজ্যের অন্য কোনও প্রান্তে এই ধরনের অভিযোগ ওঠেনি। ফলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
ধূপগুড়িতে অনশন
টাকা ফেরতের দাবিতে জলপাইগুড়ির ধূপগুড়িতে অনশন শুরু করেছেন এক ব্যক্তি ও তাঁর মেয়ে।

West Bengal Police: পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়া এক মহিলার বিমার টাকা আত্মসাৎ! এক মহিলা আইনজীবীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। টাকা ফেরত দেওয়ার দাবিতে ধূপগুড়ির ক্ষুদিরাম পল্লী অঞ্চলে সংশ্লিষ্ট আইনজীবীর কার্যালয়ের সামনে নিজের মেয়েকে নিয়ে আমরণ অনশনে বসেছেন মৃতার স্বামী। রবিবার বেলা ১২টা থেকে তিনি অনশন শুরু করেছেন। এই ঘটনা ঘিরে ধুপগুড়িতে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত আইনজীবীর কঠোর শাস্তির দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড হাতে অনশনের ঘটনা দেখতে ভিড় জমিয়েছেন বহু পথচলতি মানুষ। সবারই মত, যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে সংশ্লিষ্ট আইনজীবীর শাস্তি হোক এবং টাকা ফেরত দেওয়া হোক।

কীভাবে বিমার টাকা আত্মসাৎ?

মেয়েকে নিয়ে অনশনে বসা তাপস রায় জানিয়েছেন, তাঁরা ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েতের গাড়খুটা অঞ্চলের বাসিন্দা। ২০২০ সালের ১৯শে ফেব্রুয়ারি এক পথ দুর্ঘটনায় তাঁর স্ত্রী লক্ষ্মী রায়ের মৃত্যু হয়। ক্ষুদিরাম পল্লী অঞ্চলেই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অন্তঃসত্ত্বা লক্ষ্মীদেবীকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের বাড়ি যান আইনজীবী কল্পনা রায়। তিনি পরিবারটিকে ১৬ লাখ টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। দীর্ঘদিন ঘোরানোর এবং একাধিক নথিপত্র জমা নেওয়ার পর তাপস ও তাঁর মেয়ে তুতুল রায়ের দু'টি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত লক্ষ টাকা করে মোট ১৪ লক্ষ টাকা জমা পড়ে। অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়টি পরিবারটিকে জানানো হয়নি। উল্টে বিভিন্ন নথিতে সই করানোর বাহানায় ২০২৫ সালের ২০ আগস্ট জলপাইগুড়ির দিনবাজারের একটি ব্যাঙ্ক থেকে তাপসবাবুর অ্যাকাউন্টের সাত লক্ষ টাকা তুলে নেন ওই আইনজীবী।

টাকা ফেরতের দাবি তাপসের

তাপস আরও জানিয়েছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানার পরেই তিনি প্রতিবেশীদের নিয়ে ওই আইনজীবীর কাছে গিয়ে টাকা ফেরত দেওয়ার দাবি জানান। জলপাইগুড়িতে এই নিয়ে একটি বৈঠকও হয় এবং টাকা ফেরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই মেয়াদ পার হলেও টাকা মেলেনি। এই কারণেই অনশন শুরু করেছেন তাপসরা। এ বিষয়ে অভিযুক্ত আইনজীবীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। টাকা না পাওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে অসহায় পরিবারটি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।